ইইউর সঙ্গে এফটিএ করার প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ

Date: 2026-02-04
news-banner

দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্য লাভক্ষতি বিশ্লেষণ করে ইতোমধ্যে একটি সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হয়েছে। ওই প্রতিবেদনে দেখা গেছে, চুক্তিটি হলে বাংলাদেশ সামগ্রিকভাবে লাভবান হবে। কারণ ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে প্রায় ২১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে।

বর্তমানে বাংলাদেশ এলডিসি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের জিএসপির ‘এভরিথিং বাট আর্মস’ সুবিধার আওতায় অস্ত্র ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। এই সুবিধা এলডিসি থেকে উত্তরণের তিন বছর পর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এরপর বাংলাদেশ জিএসপি প্লাস কাঠামোর আওতায় যাওয়ার যোগ্য হবে বলে মনে করা হচ্ছে।

জিএসপি প্লাস কাঠামোয় বাংলাদেশের তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। এ সুবিধার আওতায় গেলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে গড়ে প্রায় ১২ শতাংশ শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে। সেটি হলে দেশের প্রধান রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জিএসপি প্লাস কাঠামোর নিয়ম অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশ থেকে যে পণ্য আমদানি করে, তার একটি পণ্যের অংশ যদি ইউরোপের মোট আমদানির ৯ শতাংশ ছাড়িয়ে যায়, তাহলে ওই পণ্য আর শুল্কমুক্ত সুবিধা পায় না। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মোট তৈরি পোশাক আমদানির প্রায় ১৬ দশমিক ৫ শতাংশই বাংলাদেশ থেকে যায়। 

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সাম্প্রতিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা– এমন প্রশ্নের জবাবে গতকাল বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বলেন, তৈরি পোশাক খাতে সক্ষমতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। 

বাণিজ্য সচিব আরও জানান, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে। জাপানের সঙ্গে এ বিষয়ে আলোচনা ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা সম্পন্ন হয়েছে এবং চলতি বছরের মধ্যেই চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যেসব দেশে বাংলাদেশ বর্তমানে শুল্কমুক্ত সুবিধা পায়, তাদের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক যাতে ইউরোপীয় বাজারে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে, সে জন্য এখনই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

গতকাল রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সম্পর্ক সহজ করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ জোরদারের বিষয়ে আলোচনা হয়। 

অধ্যাপক ইউনূস বলেন, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে জাপানের বাজারে বাংলাদেশের সাত হাজারের বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গেও একই ধরনের চুক্তি করতে চায় সরকার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ৯ ফেব্রুয়ারি

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক বিষয়ে পারস্পরিক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য সচিব জানান, আগামী ৯ ফেব্রুয়ারি চুক্তি সইয়ের সম্ভাব্য তারিখ পাওয়া গেছে। বর্তমানে পাল্টা শুল্কের হার ২০ শতাংশ থাকলেও তা কিছুটা কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

চুক্তি সইয়ের উদ্দেশ্যে আগামী ৫ ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ঢাকা ছাড়বেন। তারা প্রথমে জাপান যাবেন এবং সেখানে চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

advertisement image

Leave Your Comments

Trending News