ইরানে হামলার শঙ্কা বেড়েছে সর্বোচ্চ সতর্কতায় সেনাবাহিনী

Date: 2026-02-04
news-banner

ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ইরান সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে ও সামরিক বাহিনী প্রস্তুত রেখেছে। তবে উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাত এড়াতে দুপক্ষের মধ্যে আলোচনার ইঙ্গিতও মিলেছে। মার্কিন হামলার মুখে নিজেদের রক্ষা করতে নানা প্রস্তুতি নিতে দেখা গেছে ইরানের বাসিন্দাদের। তারা যুদ্ধকালীন খাবার ও পানি সংরক্ষণ করছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানে হামলা হলে তা ‘আঞ্চলিক যুদ্ধের’ সূত্রপাত ঘটাবে। অন্যদিকে আটক এরফান সোলতানিকে জামিনে মুক্তি দিয়েছে ইরান। গতকাল রোববার এএফপির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। 

আলজাজিরা জানায়, উপসাগরে উত্তেজনা বৃদ্ধি ও আঞ্চলিক শক্তিগুলো সংঘাত রোধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। পাশাপাশি পরস্পর যোগাযোগের পথও খোলা রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনা এগিয়ে নেওয়ার কথা বলেছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে গুরুত্ব সহকারে কথা বলছে। 

এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, ‘ইরানের পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তিতে সম্মত হওয়া উচিত, তবে তিনি জানেন না তেহরান তা মানবে কিনা। কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলছে।’ তিনি বলেন, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী ‘আর্মাডা’ ইরানের দিকে যাচ্ছে। আশা করি তারা গ্রহণযোগ্য আলোচনা করবে। এ সময় ট্রাম্প এক প্রশ্নের জবাবে বলেন, ভারত এখন থেকে ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে যাচ্ছে।   

এর কয়েক ঘণ্টা আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি এক্স পোস্টে জানান, আলোচনার জন্য একটি কাঠামো গঠনের কাজ এগিয়ে চলেছে।  

অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প চাইলে চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ এ তথ্য দিয়েছে।  

রয়টার্স জানায়, ইরানের সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, উপসাগরে ওয়াশিংটনের ভারী সামরিক সরঞ্জাম মোতায়েনের পর তার দেশের বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যদি শত্রুরা হামলা করে, তাহলে নিঃসন্দেহে ইরান তাদের নিরাপত্তাকে বিপন্ন করবে। এ জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আইজিআরসির সংবাদ মাধ্যমে বাসিরাতে বলা হয়, ট্রাম্প ইরানকে নিরস্ত্র ও অপমান করতে চান। ইরান তা হতে দেবে না।

হামলা হলে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে : খামেনি 

তাসনিম সংবাদ সংস্থা জানায়, উপসাগরে ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় তারা হামলা করলে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে। গতকাল রোববার ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এ সতর্কতা দিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত, তারা যুদ্ধ শুরু করলে একটি আঞ্চলিক যুদ্ধ হবে।

হরমুজে ইরানের মহড়া নিয়ে উত্তাপ

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উপসাগরীয় সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে দুই দিনের (১-২ ফেব্রুয়ারি) সামরিক নৌ মহড়ার আয়োজন করেছে ইরান। এ নিয়ে ইরানকে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে তারা জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ মহড়ার আয়োজন করায় উত্তেজনার ঝুঁকি বাড়িয়েছে। এই মহড়ায় পেশাদারিত্ব বজায় রাখা উচিত। শনিবার এর পাল্টা জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে এসে আমাদের নির্দেশ দিচ্ছে তারা।’ 

যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি শনিবার তেহরানে লারিজানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন।

স্থিতিশীলতা অর্জনে সব প্রচেষ্টায় কাতার সঙ্গে আছে বলে তিনি জানান। অন্যদিকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব দুপক্ষের মধ্যে সামরিক সংঘর্ষ রোধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা দেন, সৌদির আকাশসীমা কাউকে তিনি ব্যবহার করতে দেবেন না। তুরস্ক মার্কিন-ইরান সংলাপের আহ্বান জানিয়েছে। 

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের জনগণ 

হামলার আশঙ্কায় ৮২ মেট্রো স্টেশন ও ৩০০ পার্ককে আশ্রয়কেন্দ্র ঘোষণা দিয়েছে ইরান। ফার্সি ভাষার সম্প্রচার কেন্দ্রগুলোতে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ প্রচারিত হচ্ছে। ১০ দিনের জন্য পর্যাপ্ত খাবার ও পানি মজুত করে রাখার জন্য বলা হচ্ছে। গত ৩০ জানুয়ারি রাত নামতেই ইরানে মার্কিন হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা ভয় নিয়ে অপেক্ষা করছিলেন কখন হামলা হবে। তারা সকাল পর্যন্ত না ঘুমিয়েই কাটিয়ে দেয়।   

ইউরোপীয় সেনাবাহিনীকে পাল্টা ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা

ইরান ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করেছে। বিবিসি জানায়, আইআরজিসিকে একই তকমা দেওয়ার পর রোববার দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই পাল্টা ঘোষণা দেন। আইনসভার অধিবেশনে ‘আমেরিকার মৃত্যু’, ‘ইসরায়েলের মৃত্যু’ স্লোগান ওঠে। গালিবাফ বলেন, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হবে। 

এরফান সোলতানি জামিনে মুক্ত

ইরানে বিক্ষোভকালে গ্রেপ্তার ১৬ বছর বয়সী নাগরিক এরফান সোলতানিকে গতকাল জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছিল, এরফানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ইরানে হামলা করা হবে।

ইরানের বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি দাঙ্গা হিসেবে আখ্যায়িত করে ইরান সরকার। এরফানের ব্যাপারে ওয়াশিংটন সতর্ক করে দেওয়ার পর ইরান জানিয়েছিল, তার বিরুদ্ধে আনা অভিযোগ মৃত্যুদণ্ডের উপযুক্ত নয়।

বিক্ষোভের সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে স্বীকার করেন খামেনি। গতকাল  নিহত দুই হাজার ৯৮৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে ইরান সরকার।

advertisement image

Leave Your Comments

Trending News