শাকিব খানের সমতুল্য হওয়া সহজ নয়— সিয়াম আহমেদ

Date: 2026-02-05
news-banner

ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ঘিরে ভক্তদের আবেগ, তুলনা আর প্রতিযোগিতার গল্প নতুন নয়। তবে এই চর্চার মাঝেই পরিণত ও দায়িত্বশীল মন্তব্য করলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেন সিয়াম। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন,‘শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়। আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যেতে চাই।’

611156820_1432152871611606_7604846132341824599_n_1770123061.jpg

ভক্তদের মধ্যে প্রিয় নায়ককে বড় করতে গিয়ে অন্য নায়ককে খাটো করার প্রবণতার সময় সিয়ামের এই বক্তব্য ভিন্ন এক বার্তা দেয়। এতে যেমন শিল্পীদের পারস্পরিক সম্মানবোধের ইঙ্গিত পাওয়া যায়, তেমনি বোঝা যায়-প্রতিযোগিতা থাকলেও তা যেন সুস্থ ও শালীন হয়।

আসন্ন ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ ও সিয়াম আহমেদের ‘রাক্ষস’ একসঙ্গে মুক্তি পাচ্ছে। ফলে ঈদের বক্স অফিসে এই দুই তারকার ছবি মুখোমুখি অবস্থানে যাচ্ছে। বিষয়টি নিয়ে সিয়াম বলেন,
‘ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পাচ্ছে-এটা আমার জন্য আনন্দের।’

প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি আরো জানান,‘আমি কাউকে প্রতিযোগী মনে করি না। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক আমার নতুন কাজ কতটা গ্রহণ করল, আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম-এটাই আমার ভাবনা।’

624493173_1453769166116643_8670729164818791647_n_1770123090.jpg

এদিকে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। বর্তমানে সিনেমাটির শ্যুটিং চলছে শ্রীলঙ্কায়। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি, যিনি এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করছেন। ছবিতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, ‘সিনেমার প্রায় ৮০ শতাংশ শ্যুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকায় ফিরবে। বাকি অংশের শ্যুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে শেষ করা হবে।’

সব মিলিয়ে ঈদকে সামনে রেখে ‘রাক্ষস’ ও ‘প্রিন্স’-দুটি ছবিই দর্শকের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করছে, যেখানে প্রতিযোগিতার চেয়েও গুরুত্ব পাচ্ছে পারস্পরিক সম্মান ও ভালো কাজের অঙ্গীকার।

advertisement image

Leave Your Comments

Trending News