‘ক্ষমতার মোহ নয়, পাহারাদার হয়ে জনগণের সেবা করতে চাই’ বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল। বুধবার বিকেলে মাধবপুরের সুরমা তেলিয়াপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে সৈয়দ ফয়সল নিজের রাজনৈতিক লক্ষ্য ও এলাকার উন্নয়নের বিষয়ে পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘আমি নেতা হতে চাই না, আপনাদের পাহারাদার হতে চাই। আমাকে নির্বাচিত করলে আমি সরকারি অফিসের চেয়ারে বসে দূরে থাকব না; বরং মাঠে থেকে মানুষের সুখ-দুঃখে পাশে থাকব।’
মাধবপুর ও চুনারুঘাটের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে আছে জানিয়ে তিনি বলেন, দুই উপজেলাবাসী অবহেলার শিকার। বিশেষ করে চা বাগানের শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী যথাযথ সুযোগ-সুবিধা পায়নি। নির্বাচিত হলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।
সৈয়দ মো. ফয়সল বলেন, ‘চা বাগানের শ্রমিক, সনাতন ধর্মাবলম্বী, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করব। এখানে কেউ নিপীড়িত হবে না, কেউ জুলুমের শিকার হবেন না– সবাই নাগরিক মর্যাদায় বাঁচবেন।’
তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ছোট ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির আশ্বাসও দেন।
রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সৈয়দ ফয়সল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে চা বাগানসহ অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়া হবে। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি বাকি জীবন মানুষের জন্য কাজ করতে চাই।’
পথসভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আলফাজ মিয়া, হোসাইন মো. রফিক, স্থানীয় ব্যবসায়ী অনিল রায়, মানিক সরকার, রায়ধন সরকার, বিকাশ সরকার প্রমুখ।