খামেনিকে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই বৈঠকে বসবে ইরান-যুক্তরাষ্ট্র

Date: 2026-02-06
news-banner

তুরস্কে নয়, ওমানের মাসকাটে বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। স্থান নিয়ে বনিবনা না হওয়ায় আলোচনা ভেস্তে যাচ্ছে, এমন খবরের মধ্যেই বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও এক্সে দেওয়া পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মাসকাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ওমানের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

কূটনীতিকরা এর আগে জানিয়েছিলেন, বৈঠকটি তুরস্কে হতে পারে। কিন্তু মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস পরে জানায়, আলোচনা থেকে যুক্তরাষ্ট্র নিজেদের নাম প্রত্যাহার করতে পারে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ আলোচনার স্থান এবং এতে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে ইরান দ্বিমত পোষণ করেছিল।

আয়াতুল্লাহ আলি খামেনি ও ডোনাল্ড ট্রাম্প। কোলাজ: এএফপি

বুধবার অ্যাক্সিওসের ওই প্রতিবেদন প্রকাশের পর আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়। এখন দুই দেশই যখন বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছে, তখন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। 

আরেক মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলব তাঁর (খামেনি) খুবই চিন্তিত হওয়া উচিত।’ বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের জলসীমার কাছে বিমানবাহী রণতরী নেওয়া ও সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছিল। সেটিকে ইঙ্গিত করেই ট্রাম্প খামেনির উদ্দেশে এমন কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছিল। এরপর তারা দেশের অন্য এলাকায় নতুন একটি স্থাপনা নির্মাণের কথা ভাবছিল। যুক্তরাষ্ট্র বিষয়টি জানতে পারে। এরপর সতর্ক করে বলা হয়, তারা যদি এটি করে তাহলে খুবই খারাপ কিছু হবে।

advertisement image

Leave Your Comments

Trending News