রোনালদো কি তবে সৌদি ছাড়ছেন

Date: 2026-02-06
news-banner

তাঁকে আনা হয়েছিল দেশের ফুটবল ইমেজকে বহির্বিশ্বের সামনে উজ্জ্বল করার জন্য। ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজক সৌদি আরবের ‘দূত’ হিসেবেও থাকার কথা তাঁর। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্প্রতি ম্যাচ বয়কটে ইমেজ সংকটে পড়েছে সৌদি আরবের ফুটবল। সেই সঙ্গে রোনালদোর আচরণ আর দাম্ভিকতায় বিরক্তও সেখানকার কর্মকর্তারা। 

অন্যান্য দেশের মতো সৌদি আরবে ক্লাব ফুটবলের আর্থিক কর্মকাণ্ড চলে না। সেখানে দেশের পেশাদার ক্লাবগুলোর ফান্ড ঠিক করে দেয় পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) কর্তৃপক্ষ। ঝামেলাটা বেধেছে ঠিক এখানেই। সম্প্রতি এই পিআইএফ আল-হিলাল বা আল-ইত্তিহাদের মতো ক্লাবগুলোকে যে ধরনের বাজেট দিয়েছে, সেই অঙ্ক দেয়নি রোনালদোর ক্লাব আল-নাসরকে। বিশেষ করে তাঁর রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ করিম বেনজামা আল-ইত্তিহাদ ছেড়ে যোগ দিয়েছেন আল-হিলালে। প্লেয়ার কেনার বাজেট বেশি দেওয়া হয়েছে আল-হিলালকে। জানুয়ারির এই উইন্ডোতে আল-নাসর মাত্র একজন নতুন খেলোয়াড় কিনেছে। রোনালদোর মতো যা লিগ শিরোপা জেতার জন্য দলের পক্ষে যথেষ্ট না। নিজের এই অসন্তুষ্টির কথা জানিয়ে ২ ফেব্রুয়ারি তিনি আল-রিয়াদের বিপক্ষে ম্যাচ খেলতে নামেননি।

অসুস্থতা বা অন্য কোনো কারণে নয়, রোনালদো স্রেফ ম্যাচটি বয়কট করেছেন প্রতিবাদ হিসেবে। এবং পুরো ব্যাপারটি নিয়ে রোনালদো এতটাই বিরক্ত যে, সৌদি লিগ ছাড়ার ইচ্ছাও নাকি প্রকাশ করেছেন। স্কাই স্পোর্টসের খবর, সামনের জুনেই তিনি সৌদি ছেড়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো ক্লাবে যেতে পারেন। বর্তমান চুক্তিতে রোনালদোর রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো। এদিকে রোনালদোর এমন বয়কটের কারণে সৌদি আরবে ফুটবল সমর্থকরা নিখোঁজ পোস্টার ছাপিয়েছে  তাঁর বিরুদ্ধে। ‘রোনালদো হারিয়ে গেছেন’– এ ধরনের স্লোগানও তুলেছে। 

সব মিলিয়ে সৌদিতে খুব শান্তিতে নেই সিআর সেভেন। তাঁর এমন আচরণে এবং বিদ্রোহী অবস্থান সমর্থন করছে না সৌদি কর্তৃপক্ষও। আল-নাসর ক্লাবের কর্মকর্তারাও মনে করছেন, কোনো একজন খেলোয়াড় তা তিনি যত বড়ই হোন না কেন, তাঁর জন্য লিগের নীতি বা ক্লাবের বাজেট নির্ধারণ করা যায় না। রোনালদোকে ছেড়ে দেওয়ার গুঞ্জনও জোরেশোরে উঠেছে। যদিও নিজেদের ইমেজ এবং সামনে বিশ্বকাপ থাকায় এই ব্যাপারটি নিয়ে কঠোর হচ্ছে না সৌদি কর্তৃপক্ষ। 

পরিস্থিতির নাজুকতা বুঝে কর্মকর্তারা সরাসরি রোনালদোর সঙ্গে কথা বলেছেন। পিআইএফের উচ্চপদস্থ প্রতিনিধি তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছেন, যাতে পরের ম্যাচেই তাঁকে মাঠে নামানো যায়। এই শুক্রবার ঘরের মাঠে আল-ইত্তিহাদের বিপক্ষে যদি খেলতে না নামেন রোনালদো, তাহলে ধরে নিতে হবে সৌদি পর্ব শেষ করতে যাচ্ছেন রোনালদো। 

বছর তিনেক আগে আল-নাসরে যোগ দেন তিনি। এখনও পর্যন্ত ক্লাবটির হয়ে সৌদি কিং কাপ বা সৌদি সুপার কাপের মতো অফিসিয়াল কোনো ট্রফি জিততে পারেননি। কেবল ‘আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ’ জিতেছেন তিনি। তবে ব্যক্তিগতভাবে এই লিগে এসে ১৩৩ ম্যাচে ১১৭টি গোল করেছেন রোনালদো। আগামী বছরের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি তাঁর। তবে বর্তমান যে পরিস্থিতি চলছে, তাতে এই জুনেই হয়তো সৌদি আরব ছাড়তে পারেন পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলার।

advertisement image

Leave Your Comments

Trending News