বলিউড ছাড়ার পর ‘ধুম’খ্যাত অভিনেত্রী বললেন, ‘সবই টাকার খেলা’

Date: 2026-02-06
news-banner

একসময় বলিউডে একের পর এক হিট সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী রিমি সেন। ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’সহ বেশকিছু সিনেমা দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে রুপালি পর্দা থেকে আড়ালে চলে যান এই অভিনেত্রী।

সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন রিমি সেন। তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং দুবাইয়ে ব্যবসায় যুক্ত হওয়া এবং সেখানে দেওয়া এক বক্তব্যের কারণে।

মাইট্রা অফিসিয়াল আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিমি সেন। সেখানেই জীবনের এক ‘তিক্ত সত্য’ তুলে ধরে তিনি বলেন, “আমি জীবনে একটাই জিনিস শিখেছি- সবই টাকার খেলা। টাকার ওপরে কিছুই নেই। জীবনে যদি টাকা রোজগার করতে চান, তাহলে ড্রিম নয়-যা দরকার, সেটাই করুন। নিজের নৈতিকতা, মূল্যবোধ আর নীতিকে ধরে রেখে যতটা সম্ভব টাকা আয় করুন।’

রিমি সেন। ছবি: ইন্সটাগ্রাম

তিনি আরও বলেন, “টাকার সামনে সব কিছুই তুচ্ছ। এটা একটা তিক্ত সত্য, যা আমরা সবাই জানি। আমরা আজ নিজের দেশ, নিজের মানুষ ছেড়ে এখানে এসেছি শুধু ভালো ভবিষ্যতের জন্য টাকা রোজগার করতে। তাই এর জন্য যতটা পরিশ্রম দরকার, করুন। প্রয়োজনে পেশা বদলান। যা কাজে দেয়, তা করুন—আর যা কাজে দেয় না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিন। কারণ সময় কখনো ফিরে আসে না।”

এর আগে রিমি সেন বলিউড ছাড়ার কারণ নিয়েও মুখ খুলেছিলেন। তার মতে, বিশেষ করে নারীদের জন্য চলচ্চিত্রশিল্পে ক্যারিয়ারের স্থায়িত্ব খুবই সীমিত।

তিনি আরও যোগ করেন, ‘যে নায়িকারা একসময় তাদের সঙ্গে কাজ করেছেন, তারাই আজ সাপোর্টিং রোল করছেন বা মায়ের চরিত্রে অভিনয় করছেন। তাই আমি আগে থেকেই পরিকল্পনা করেছিলাম—যতটা সম্ভব কাজ করব, টাকা জমাব, তারপর অন্য কিছু করব।”

রিমি সেন। ছবি: ইন্সটাগ্রাম

রিমি জানান, তিনি ২০১৬ সালে ‘বুধিয়া সিং’ ছবিটি প্রযোজনা করেন, যা জাতীয় পুরস্কারও জেতে। তবে এরপরই তিনি পুরোপুরি ব্যবসার দিকে মনোযোগ দেন।

তিনি বলেন, ‘এখন আমি অনেক বেশি নিরাপদ। ক্যামেরার সামনে থাকার চাপ নেই। দিনের শেষে আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতাই সবচেয়ে বড় বিষয়।’

উল্লেখ্য, রিমি সেনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তিগমাংশু ধুলিয়া পরিচালিত ‘শাগির্দ’ ছবিতে। এরপর অভিনয় করার কথা থাকলেও তাকে পর্দায় দেখা যায়নি। সময় বা ইচ্ছে হলে ফের ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। সূত্র: এনডিটিভি

advertisement image

Leave Your Comments

Trending News