বিএনপি নেতার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত প্রার্থীর

Date: 2026-02-06
news-banner

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা হযরত আলী। প্রয়াত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের কবর জিয়ারত না করায় এমন সমালোচনা করেছেন তিনি। বিষয়টি জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শেরপুর সদর আসনের জামায়াত প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ। 

গত বুধবার রাতে প্রয়াত কামারুজ্জামানের বাড়ি বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকায় বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষে এক নির্বাচনী পথসভা হয়। সেখানে ডা. প্রিয়াঙ্কার বাবা হযরত আলী বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রয়াত কামারুজ্জামানকে মূল্যায়ন করেননি। তাঁর কবর জিয়ারত করেননি, দোয়ার কর্মসূচি রাখেননি। তাঁর ছেলে ওয়াফিকে মনোনয়ন দেননি।
জামায়াতকে উদ্দেশ করে বিএনপি নেতা হযরত আলী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে তাদের তিনজন মন্ত্রী ছিলেন। অথচ এখন বিএনপিকে গালি দেয়। আপনাদের চরিত্রটা কেমন? তখনতো পদত্যাগ করেননি। আপনাদের ক্ষমতার লোভ খুব বেশি। উপস্থিত লোকজনকে উদ্দেশ করে তিনি বলেন, দলের জন্য এতকিছু করার পর যে দল কামারুজ্জামানের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, সেই জামায়াত ক্ষমতায় গেলে আপনারা এলাকায় থাকতে পারবেন না। সরকার গঠন করবে বিএনপি। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, আর প্রিয়াঙ্কা যদি এমপি হন তাহলে কামরুজ্জামানের অসমাপ্ত কাজ সমাপ্ত করা সহজ হবে।

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
কামারুজ্জামানকে বাজিতখিলার কৃতিসন্তান উল্লেখ করে হযরত আলী বলেন, চারবার নির্বাচন করে তিনি জয়ী হতে পারেননি। না জেতার কারণ সর্ম্পকে তিনি বলেন, বিগত ৪১ বছরের চক্রান্তকারীরা বারবার বিজয়কে ছিনিয়ে নিয়েছে। এবারও ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য পাঁয়তারা করছে। এই সিন্ডিকেট কি আপনারা ভাঙতে চান? যদি চান, তাহলে সবাইকে ১২ তারিখ সারাদিন ধানের শীষের পক্ষে থাকতে হবে।

হযরত আলীর দেওয়া বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন শেরপুর সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ। ওই বিএনপি নেতার বক্তব্যকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার আখ্যা দিয়ে জামায়াত প্রার্থী বলেন, জামায়াত ইসলামীর জন্য যিনি শহীদ হলেন, সংগঠন তাঁকে স্মরণ করবে না, এটা বাস্তবসম্মত কথা নয়। আমরা আমাদের নির্বাচনী প্রচার শুরু করেছি শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেই। জামায়াত আমির বেশ কয়েকবার কামারুজ্জামানের কবর জিয়ারত করেছেন। সেদিন অল্প সময়ে তিনটি সভা ছিল। তাই সময়ের স্বল্পতার কারণে সম্ভব হয়নি। প্রয়াত জামায়াত নেতার ছেলে ওয়াফিকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জামায়াত কোনো ব্যক্তিভিত্তিক দল না। জামায়াত ক্যাডারভিত্তিক দল। যে দলের জনশক্তিই প্রার্থী মনোনয়ন দেন।’
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শেরপুরে নির্বাচনী সফর করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এদিন তিনি বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও সমাবেশ করেন। পরে দুপুরে তিনি শেরপুর দারোগ আলী পৌর পার্কে নির্বাচনী সভায় ভাষণ দেন। এই কর্মসূচির পর তিনি জামালপুর জেলায় জনসভা করেন।

advertisement image

Leave Your Comments

Trending News