এলপি গ্যাসে আরোপিত ৭.৫% ভ্যাট প্রত্যাহার

Date: 2026-02-06
news-banner

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর করের চাপ কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। 

শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিপণন খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়েও পড়তে পারে। 
প্রেস সচিব বলেন, কর কাঠামো সরলীকরণের লক্ষ্যেই এ পরিবর্তন আনা হয়েছে। এতে এলপিজি খাতে কর ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে এবং ব্যবসায়ীদের জন্য প্রক্রিয়া সহজ হবে। একই বৈঠকে অবৈধ গ্যাস সংযোগ ও চুরি রোধে আরও কঠোর আইন প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদিত হয়।
দেশে প্রাকৃতিক গ্যাস সংযোগ সীমিত হওয়ায় বর্তমানে ৪০ শতাংশের বেশি পরিবার রান্নার জন্য এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। বিশেষ করে, গ্রাম ও মফস্বল এলাকায় এলপিজিই এখন প্রধান জ্বালানি। তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলার সংকট এবং উচ্চ কর কাঠামোর কারণে দেশের বাজারে এলপিজির দাম কয়েক দফায় বেড়েছে। এমনকি বাজারে সংকট তৈরি হওয়ায় ১২৫০ টাকার সিলিন্ডার ২৫০০ টাকা পর্যন্ত বিক্রির নজিরও দেখা গেছে।

এলপিজি আমদানিকারক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই কর কাঠামো যৌক্তিক করার দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, স্থানীয় পর্যায়ে একাধিক স্তরে ভ্যাট ও আগাম করের কারণে কার্যকর করভার অনেক বেড়ে যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করে।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) প্রেসিডেন্ট আমিরুল হক। তিনি বলেন, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতি দেওয়ায় আমদানি ও বিতরণ ব্যয় কমবে বলে আমরা আশা করছি। এতে কোম্পানিগুলোর পরিচালন ব্যয় কমলে তা ধাপে ধাপে খুচরা বাজারেও প্রতিফলিত হবে।
শফিকুল আলম বলেন, অবৈধ গ্যাস সংযোগ ও অপব্যবহারের কারণে প্রতিবছর দেশে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। ক্ষতি রোধ করতে সংশোধিত অধ্যাদেশে অবৈধ গ্যাস ব্যবহারের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে। সর্বোচ্চ লাইনে অবৈধ সংযোগের পাশাপাশি ঠিকাদার বা অন্যের সহায়তায় বেআইনিভাবে গ্যাস ব্যবহারকেও অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত আইনে মিটারযুক্ত ও নন-মিটার গ্রাহকদের অপরাধ ও দণ্ড পৃথকভাবে নির্ধারিত হয়েছে। ভবন বা ফ্ল্যাটের মালিক এবং সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কর্মচারীদের দায় ও শাস্তির বিষয়ও এতে অন্তর্ভুক্ত। 

শফিকুল আলম বলেন, আইনটিকে আরও যুগোপযোগী করতে এসব পরিবর্তন আনা হয়েছে। তিনি জানান, গ্যাস সংযোগ নেওয়ার পর গ্রাহকরা লোড ম্যানেজমেন্ট বা মিটার পরিবর্তনের ক্ষেত্রে এতদিন গ্যাস বিতরণ কোম্পানির অনুমতির ওপর নির্ভরশীল ছিলেন। নতুন ব্যবস্থায় এ অনুমতির বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, ফলে গ্রাহকদের সেবা আরও সহজ হবে।
উপদেষ্টা পরিষদ ছয়টি অধ্যাদেশ ও তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। বৈঠকে ২০২৪ সালের আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়। অনুমোদিত অধ্যাদেশগুলো হলো কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, বাংলাদেশ গ্যাস অধ্যাদেশ, ডাক সেবা/পোস্টাল সার্ভিস অধ্যাদেশ, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬।
প্রেস সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৩৪৮টি এজেন্ডা উপস্থাপন করা হয় এবং এসবের মধ্যে উল্লেখযোগ্য ছয়টি অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার সংশোধন অধ্যাদেশ অনুমোদনের ফলে এ পুরস্কারের নাম জাতীয় কৃষি পুরস্কার হিসেবে পরিবর্তিত হবে। 

রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
বৈঠকে আগামী পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি নির্ধারণ-সংক্রান্ত একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ প্রয়োজন ও সুবিধা অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান প্রেস সচিব।

advertisement image

Leave Your Comments

Trending News