পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না

Date: 2026-02-06
news-banner

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজার ছেলে রাজা হবে না, পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না। রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে।’

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো কালো চিল আসমান থেকে এসে ছোঁ মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। এখন থেকে পাহারা বসাবেন। কোনো ভোট ডাকাত, ভোট ইঞ্জিনিয়ার, ভোট চোর– কাউকে ছাড় দেব না।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অতীতে খাসলত (চরিত্র) খারাপ ছিল, এখনও লোভ সামলাতে পারেনি, সেই বিড়ালের হাতে গোশত পাহারার দায়িত্ব দেবেন? এরা জনগণের জান-মাল-ইজ্জতের নিরাপত্তা দেবে? এখনই দিচ্ছে না, তখন দেবে? বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘চোখ মেলে দেখেন জনগণ আপনাদের কীভাবে দেখে। আজকে যুবকদের উত্থান শুরু হয়েছে পরিবর্তনের পক্ষে। নতুন বাংলাদেশের পক্ষে। এই দৃশ্য দেখে অনেকে নার্ভাস। নার্ভাসে মাঘ মাসেই এদের মাথা গরম হয়ে গেছে, চৈত্র মাসে এদের কী হবে?’

গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে হেলিকপ্টারে পৌঁছান জামায়াতের আমির। এর আগে তিনি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ীর তিনটি জনসভায় বক্তব্য দেন। সন্ধ্যায় তিনি নাটোরে আরও একটি জনসভায় বক্তব্য দেন।

তিনি বলেন, গত ৫৪ বছর ধরে একটা ভীতির রাজত্ব কায়েম করে রাখা হয়েছে। গত জুলাইয়ে যারা জীবন দিয়েছে, তারা ন্যায়বিচার হবে এমন বাংলাদেশ চায়। এ জন্য রাস্তায় নেমে তারা স্লোগান দিয়েছে। ন্যায়বিচার সমাজে কায়েম হলে সবাই তার পাওনাটা পেয়ে যাবে। সেই ন্যায় বিচার কারা দেবে? যারা বিচারকে সম্মান করে, তারাই দেবে।
রাজশাহীর সমস্যা নিয়ে তিনি বলেন, মেডিকেল কলেজ বহু পুরোনো। ডেন্টাল কলেজ করা দরকার, উদ্যোগ নেওয়া হলেও ঝিমিয়ে আছে। চিন্তা করবেন না। আর কয়েকটা দিন, আমরা ঘুমন্ত মেডিকেল কলেজকে জাগিয়ে তুলব। সুগার মিল লোকসানি, এটা কেন লোকসানি হবে? চুরিচামারির কারণে লোকসানি। আপনাদের রায়ের প্রতিফলন ঘটলে বলা লাগবে না– লাভজনক হয়ে যাবে।
তিনি বলেন, আমরা ১৩ তারিখ থেকে জামায়াতের সরকার চাই না, দলীয় সরকার চাই না। আমি চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়। সেই বিজয় যদি অর্জিত হয়, সেটা সবার বিজয় হবে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে ২৩৪ জন শেষ। তারপর এখন আমাদের খুন করা শুরু হয়েছে। গালি দেওয়া শুরু হয়েছে। যারা মারা গেল, দুর্নীতি করে না, মামলা বাণিজ্য করে না, হয়রানি করে না, তাদের বলা হচ্ছে জালেম।

যারা পরিবারতান্ত্রিক সরকার চায়, তারা হ্যাক করেছে
নওগাঁ শহরের এটিএম মাঠে দুপুরে জনসভায় শফিকুর রহমান বলেছেন, গত কয়েকদিন থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যারা জনগণের সরকার চায় না, যারা পরিবারতান্ত্রিক সরকার চায়, যারা দেশকে গোলাম করে রাখতে চায়, তারা আমার এক্স আইডি হ্যাক করে আমার ওপর মিসাইল নিক্ষেপ করছে। ইতোমধ্যে আমাদের সাইবার টিম বিষয়টি শনাক্ত করেছে এবং আটক করা হয়েছে।
কৃষিপ্রধান জেলা নওগাঁকে নিয়ে তিনি বলেন, শহরের প্রধান সড়ক চার লেন এবং মানসম্মত হাসপাতাল হওয়া দরকার। সরকার গঠন করলে ধান ও ফল গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। হিমাগার করা হবে, যেন সারাবছর ফসল সংরক্ষণ করে রাখা যায়।

আমরা সবখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই
চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুরে জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা সবখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।
যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসবে যুবকরা, আমরা বসব যাত্রীর আসনে। এ দেশ তারা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নেবে।

রাজনীতির গ্যাঁড়াকলে দেশটাকে ডোবাতে চাই না
নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে সন্ধ্যায় নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা রাজনীতির গ্যাঁড়াকলে দেশটাকে ডোবাতে চাই না। এ জন্য আজ আমরা ঐক্যবদ্ধ। আর কাউকে ধর্ম-বর্ণের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেব না। যারা এই নোংরা কাজ করবে, তাদের রুখে দেব।’
তিনি আরও বলেন, সারাদেশে ১১-দলীয় জোটের জোয়ার শুরু হয়েছে। সত্যের পথে পুরুষের সঙ্গে নারীরা রাস্তায় নেমে আসছে। প্রতিটি সভা-সমাবেশে নারীরা উপস্থিত হয়ে সেই কথা জানান দিচ্ছেন।
(প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

advertisement image

Leave Your Comments

Trending News