নিরাপত্তা শঙ্কায় নির্বাচন বর্জন করলেন সাবেক এমপি জিন্নাহ

Date: 2026-02-06
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত।

বৃহস্পতিবার শিবগঞ্জবাসীর উদ্দেশ্যে দেওয়া এক খোলা চিঠিতে জেলা জাপার সভাপতি বলেন, তার ও তার সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেককে এলাকা ছাড়া করা হয়েছে। নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চিঠিটি সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন তাঁর ছেলে ব্যারিস্টার তাজবির শরীফ সাম্মু। 

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রাজনীতি হবে উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া। শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় তিনি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

সাবেক এই এমপি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগেঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি কখনও চান না যে, তার বা তার দলের কোনো নেতাকর্মীর কারণে শিবগঞ্জের মানুষের ওপর অন্যায় বা অবিচার নেমে আসুক।

চিঠির শেষাংশে তিনি শিবগঞ্জবাসীকে শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়; এটি ন্যায় ও ন্যায্যতার পক্ষে একটি প্রতিবাদ। শিবগঞ্জের শান্তি ও উন্নয়নই তাদের অধিকার— এই অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, নির্বাচনের মাঠে গেলে মব সৃষ্টি করে তার উপর হামলা করার আশঙ্কা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি ভোট বর্জন করছেন। 

আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শরিফুল ইসলাম জিন্নাহ ভোট বর্জন করেছেন শুনেছি। কিন্তু লিখিতভাবে তিনি কোনো অভিযোগ করেননি।

advertisement image

Leave Your Comments

Trending News