কেউ ভোট কাটতে এলে প্রতিহত করা হবে: রেজাউল করিম

Date: 2026-02-06
news-banner

বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন নিশ্চিত বিজয় অর্জন করবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। কেউ ভোট কাটতে এলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

শুক্রবার বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সমর্থনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বরগুনার আমতলী উপজেলার পৌরসভা চত্বরে এ সমাবেশ হয়।

মুফতি রেজাউল করিম বলেন, ‘কেন্দ্র এবং স্থানীয় সাংবাদিক ও ভোটারদের কাছ থেকে যে আওয়াজ শুনতে পাই, তাতে এই সাগরপার থেকেই আমাদের ইসলামী পতাকার বিজয় শুরু হবে। অনেক দল ক্ষমতায় গেলে সোনার বাংলা গড়বে, ডিজিটাল বাংলা গড়বে– এ রকম নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিবে। আমরা একটা কথা বলতে চাই, আমরা সরকার গঠন করতে পারলে আপনাদের মুখে হাসি ফোটাব।’ 

বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাব আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়া সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর প্রমুখ। সভায় আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন চরমোনাই পীর।

advertisement image

Leave Your Comments

Trending News