ফরিদপুর নামেই বিভাগ করা হবে: জামায়াত আমির

Date: 2026-02-06
news-banner

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ যদি দেশ সেবার সুযোগ দেয়, তাহলে ফরিদপুর নামেই নতুন বিভাগ গঠন করা হবে। এর আগে দেশে যেসব বিভাগ হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট এলাকার নামেই হয়েছে। এ নিয়ে চাতুরী করার কোনো দরকার ছিল না। বিভাগ গঠনের পর ফরিদপুরে সিটি করপোরেশনও করা হবে।

শনিবার রাত ৯টায় ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ফরিদপুর-৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মো. আব্দুত তাওয়াবকে জনতার সামনে পরিচয় করিয়ে দেন। জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরউদ্দীন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর বড় নেয়ামত হলো বাংলাদেশের নদীগুলো। কিন্তু সেগুলোকে হত্যা করে মরুভূমিতে পরিণত করা হয়েছে। আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা হবে। নদীর জীবন মানেই বাংলাদেশের জীবন।

তিনি বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিতে চাই না, তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। এজন্য বন্ধ মিল-কলকারখানা চালু করতে হবে। নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। কৃষিসমৃদ্ধ এলাকায় কৃষিভিত্তিক শিল্প এবং যেখানে কৃষি নেই সেখানে ইলেকট্রোমেকানিক শিল্প গড়ে তোলা হবে। গোটা বাংলাদেশকে শিল্পনগরীতে পরিণত করার পরিকল্পনা আমাদের রয়েছে।

বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমি তাদের ক্ষমা করে দিয়েছি। আল্লাহও তাদের ক্ষমা করবেন, ইন-শা-আল্লাহ।

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে আমরা নির্যাতনের শিকার হয়েছি। জেল, জুলুম ও হত্যার শিকার হয়েছি। তবুও কষ্টে-সুখে আমরা দেশ ছেড়ে পালাইনি। আমরা দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি। দেশকে আমরা ফুলের বাগানের মতো সাজাতে চাই। জুলাই আন্দোলনের পর দেশ গঠনে আমরা কাজ করেছি। পুলিশের জন্য লজিস্টিক সহায়তা দিয়েছি, আমাদের নেতা-কর্মীরা মসজিদ-মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান পাহারা দিয়েছে।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি মাথা গরম করার বিষয় নয়, রাজনীতি হলো নীতির খেলা। আপনারা চরিত্র নিয়ে রাজনীতিতে আসুন। চরিত্রই বলে দেবে আপনার পরিচয়। দেশের মা-বোনেরা যখন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে চায়, তখন তাদের বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—মায়ের সম্মান করতে শিখুন। আমাদের মা-বোনেরা ভীরু নয়, তারা প্রয়োজনে জীবন দেবে, কিন্তু সম্মানহানি মেনে নেবে না।

তিনি আগামী ১২ তারিখ দুই ব্যালটে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।

এর আগে সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার স্থানীয় স্টেডিয়াম মাঠে ফরিদপুর-১ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, নতুন বাংলাদেশে মানচিত্র বদলাবে না, বদলে যাবে শাসনব্যবস্থা। আর কোনো দলীয়, গোষ্ঠীগত বা পারিবারিক সরকার থাকবে না। সরকার হবে দেশের ১৮ কোটি মানুষের।

জনসভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আবু হারিস মোল্লা। বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সারাফত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ড. ইলিয়াস মোল্লার হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে ভোট প্রার্থনা করা হয়।

advertisement image

Leave Your Comments

Trending News