এনসিপির সাবেক নেতাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

Date: 2026-02-11
news-banner

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় এনসিপি থেকে পদত্যাগ করা নেতারা ‘গণবিপ্লবী উদ্যোগ’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছেন।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করে।

চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধরে দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মটি কাজ করবে বলে জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি আরিফ সোহেল, খান মুহাম্মদ মুরসালীন, তানজিনা তাম্মিম হাফসা, আব্দুল্লাহ সালেহীন অয়ন এবং ফারজানা আক্তার চারুলতা।

আরিফ সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছিলেন। পরে তিনি এনসিপির যুগ্ম সদস্য ছিলেন। খান মুহাম্মদ মুরসালীন ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক। তারা গত ডিসেম্বরে পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘গণতান্ত্রিক বিপ্লবীদের ইশতেহার’ নামে প্রকাশিত ঘোষণাপত্রে দেশজুড়ে গণপরিষদ গঠন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর সংস্কার এবং প্রকৃত জনগণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান রয়েছে। এতে চব্বিশের গণঅভ্যুত্থান, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন গণসংগ্রামের ধারাবাহিকতা হিসেবে তুলে ধরা হয়েছে।’

ইশতেহারে বলা হয়েছে, দীর্ঘদিনের শাসন-শোষণ ও বৈষম্যের কাঠামো এখনও বহাল থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থান তরুণ প্রজন্মকে শোষণের বিরুদ্ধে লড়াইয়ের নতুন শিক্ষা দিয়েছে। সংগঠনটি দেশব্যাপী এই চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের সংগ্রাম গড়ে তুলতে উদ্দীপ্ত।

গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল বলেন, ‘৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর নবীন বিপ্লবীদের মধ্যে যে আদর্শিক শূন্যতা ও দিকনির্দেশনার অভাব দেখা দিয়েছে, এই ইশতেহার তার অবসান ঘটাতে ভূমিকা রাখবে। আমরা জনগণের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ কামনা করি।’

advertisement image

Leave Your Comments

Trending News