ভোটকেন্দ্রে যেতে নিষেধ ও হুমকির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

Date: 2026-02-11
news-banner

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থকরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তাঁর কর্মী-সমর্থকদের প্রচারের শুরু থেকেই বাধা, হামলা, মারধর, হুমকি-ধমকি দিয়ে চলেছেন। এমনকি তাঁর পক্ষে প্রচারে অংশ নেওয়া নারীদের ওপরও কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। দুই দিন ধরে অনেক জায়গায় তাঁর ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ ও হুমকি দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও অর্থের লোভ দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। তিনি বলেন, এসব কারণে ভালুকা আসনে এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হরিণ প্রতীকের প্রার্থী মোর্শেদ আলম বলেন, মাঠে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি থাকলেও সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবৈধ অস্ত্রধারীরা গ্রামে গ্রামে ঘুরে হুমকি দিচ্ছে।

তবে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, ভালুকায় তাঁর হরিণ প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। স্থানীয় প্রশাসনের প্রতি তাঁর আহ্বান ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করা হোক। ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি।

advertisement image

Leave Your Comments

Trending News