ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ভাড়াসহ সব মিলিয়ে প্রায় এক হাজার সৌদি রিয়াল কমানো হয়েছে। হজযাত্রীপ্রতি পরিবহন ভাড়া ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে। ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর যাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, যৌক্তিক খরচে হজ পালনের যে জনআকাঙ্ক্ষা ছিল, সেটি নিয়ে বিশেষভাবে কাজ করার চেষ্টা করেছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ ও নেগোসিয়েশনের মাধ্যমে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়। এ বছর বিমান ভাড়া প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে। গত দুই বছরে ৪০ হাজার টাকা বিমান ভাড়া কমার বিষয়টিকে উল্লেখ করার মতো অর্জন বলে মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, হজ প্যাকেজ-৩-এর সার্ভিস চার্জ সার্ভিস প্রোভাইডার কোম্পানির সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে হজযাত্রীপ্রতি প্রায় ৬০০ সৌদি রিয়াল কমানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।