ইউরেনিয়াম হ্রাসের ইঙ্গিত, ইসরায়েলের পদক্ষেপের নিন্দা

Date: 2026-02-19
news-banner

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সমৃদ্ধ করা ইউরেনিয়াম কমানোর ইঙ্গিত দিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে দেশটি। এই অবস্থার মধ্যে আজ বুধবার যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি ওমানের শাসক সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে ‘যতদূর সম্ভব’ দূরে থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে, সোমবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল তেহরান সমৃদ্ধ করা ৬০ শতাংশ ইউরেনিয়াম আরও কমিয়ে আনবে।  

ট্রাম্প বারবার ইরানের ওপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, যা তেহরানের কাছে অগ্রহণযোগ্য একটি শর্ত। ওয়াশিংটন ইরানের কাছে দাবি করেছে, তেহরানকে ইউরেনিয়াম মজুত ত্যাগ করতে হবে। জাতিসংঘের পারমাণবিক সংস্থার তথ্যমতে, ইরান ৪৪০ কেজির (৯৭০ পাউন্ড) বেশি ইউরেনিয়ামের মজুত করে ফেলেছে– যা প্রত্যাশিত ৯০ শতাংশের কাছাকাছি। ৯০ শতাংশ মজুত হলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান। 

ওমানের সুলতান ও ইরানের শীর্ষ কর্মকর্তার বৈঠক
ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার ওমানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দুই নেতা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। ওমানি সংস্থার মতে, তারা উভয় পক্ষের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সংগত চুক্তিতে পৌঁছানোর উপায় নিয়ে কথা বলেছেন। 

ইসরায়েলি প্রভাবের নিন্দায় তেহরান 
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে হবে। পারমাণবিক ইস্যুতে ইসরায়েলি চাপ প্রতিরোধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, ইসরায়েল এ অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। 

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ 
জেরুজালেম পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রে আজ স্থানীয় সময় বেলা ১১টায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু। দেশ ছাড়ার সময় নেতানিয়াহু বলেছেন, তিনি ইরান আলোচনার বিষয়ে ট্রাম্পকে ‘নিজেদের নীতি’ হিসেবে উপস্থাপন করবেন। 

advertisement image

Leave Your Comments

Trending News