নতুন আঙ্গিকে আসছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বেড়েছে দল, বেড়েছে ম্যাচও। তাই বাড়বে খেলোয়াড় সংখ্যা। পরিবর্তন আসছে পিএসএলের দল গঠন প্রক্রিয়ায়ও। আগের ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে ১১তম আসরে দল গড়া হবে উন্মুক্ত নিলামে। আশা করা হচ্ছে, সেই নিলামে এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি দল পাবেন। কেননা এবারের বিপিএল খেলে গিয়েছেন ২৬ পাকিস্তানি।
লাহোরে আজ স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে নিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই নিলামের জন্য নিবন্ধন করা খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ২৪টি দেশের ৮৭৯ জন ক্রিকেটার নাম দিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ (৬০ জন) খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়ার। বাংলাদেশ থেকে আছেন ৫০ জন। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশিদের নাম নিবন্ধনের ক্ষেত্রে এটি সম্ভবত রেকর্ড। তবে এই তালিকা থেকে কতজন দল পান, সেটাই এখন দেখার বিষয়। এরই মধ্যে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি দলভুক্ত করেছে লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে কাটার মাস্টারকে দলে টেনেছে তারা।
নিলামে নাম দেওয়া ক্রিকেটারদের চারটি ক্যাটেগরিতে রাখা হয়েছে। ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তি মূল্যের ‘প্লাটিনাম’ ক্যাটেগরিতে রয়েছেন ৩১ জন ক্রিকেটার। সর্বোচ্চ এ ক্যাটেগরিতে বাংলাদেশের কেউ নেই। ২ কোটি ২০ লাখ রুপি ভিত্তি মূল্যের (বাংলাদেশি মুদ্রায় ৯৬ লাখ টাকা প্রায়) ‘ডায়মন্ড’ ক্যাটেগরিতে বাংলাদেশের সাকিব আল হাসান, মুশিফকুর রহিম ও জাকির হাসান রয়েছেন। ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তি মূল্যের ‘গোল্ড’ ক্যাটেগরিতে নাম রয়েছে ২২ জন বাংলাদেশি ক্রিকেটারের। এই তালিকায় আছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানারা। বাকি ২৫ বাংলাদেশি ক্রিকেটার আছেন ৬০ লাখ পাকিস্তানি রুপির ‘সিলভার’ ক্যাটেগরিতে।
এই তালিকায় আছেন আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, আকবর আলী, নাঈম শেখ, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, আহরার আমিন, জাকের আলী, আরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাঈফ হাসান, শহিদুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
প্রতি দলকে ১৬ থেকে ২০ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়তে হবে। এর মধ্যে প্রতি দলে সর্বনিম্ন পাঁচজন ও সর্বোচ্চ সাতজন বিদেশি থাকবে। আর একাদশে সর্বনিম্ন তিনজন ও সর্বোচ্চ চারজন বিদেশি খেলাতে পারবে। আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএলের ১১তম আসর। ফাইনাল ৩ মে।