বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

Date: 2026-02-19
news-banner

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের পোল্টির মোড় এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে সেগুলো কার, এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও একটি দেশীয় শুটার গান। এছাড়াও সেখানে ছিল ২টি বড় রাম দা, ৫টি ছোট রাম দা, ৫টি হাসুয়া, একটি চাপাতি ও একটি ছুরিসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র।

বুধবার দুপুরে কুষ্টিয়া ব্যাটেলিয়নের (৪৭ বিজিবি) লেফট্যানেন্ট কর্নেল রাশেদ কামাল রনি অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে সীমান্ত এলাকার বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয়ে স্থাপিত নির্বাচনি বেইজ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অস্ত্র উদ্ধারে বিজিবি সদস্যরা ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত  করে পরে অভিযান চালান।

বিজিবির ওই কর্মকর্তা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এখন পর্যন্ত ৮টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৩ জনকে আটক করেছে।

advertisement image

Leave Your Comments

Trending News