চোটাক্রান্ত অস্ট্রেলিয়া নামছে আজ

Date: 2026-02-19
news-banner

টি২০ বিশ্বকাপ শুরু হয়েছে আজ চার দিন। দলগুলো যখন অন্তত একটি করে ম্যাচ খেলে নিয়েছে, তখন আজ কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া। অবশ্য দেরিতে ম্যাচ থাকলেও ইনজুরির ছায়া থেকে বের হতে পারেনি অস্ট্রেলিয়া। স্কোয়াডে থাকলেও আজকের ম্যাচের জন্য ফিট নন টিম ডেভিড। নাথান এলিসেরও চোট রয়েছে, সেই সঙ্গে অ্যাডাম জাম্পারও। 

চোটাক্রান্ত এই অস্ট্রেলিয়া দলকে চ্যালেঞ্জে ফেলার মতো একটা সুযোগ আছে আজ আইরিশদের সামনে। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড। রেকর্ড বলছে, ২০১৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া দল তাদের মূল তিন পেসার মিচেল স্টার্ক (অবসর), প্যাট কামিন্স (পিঠে ব্যথা) আর জশ হ্যাজেলউডকে (হ্যামস্ট্রিংয়ে চোট) ছাড়া কোনো বিশ্বকাপ খেলতে এসেছে। তাই পেস আক্রমণে অনেকটাই নতুনদের এই অস্ট্রেলিয়া দল, যেখানে জ্যাভিয়ার বার্টলেট, বেন ডারসুয়িস আর নাথান এলিসের মতো পেসাররাই মিচেল মার্শের মূল ভরসা। 

র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকলেও অসিদের সাম্প্রতিক পাকিস্তান সফরে ৩-০ তে হেরে যাওয়ার ব্যাপারটিতে ধাক্কা লেগেছে। যদিও পাকিস্তানের ওই সফরে ম্যাক্সওয়েল, টিম ডেভিডের মতো অন্তত পাঁচ ক্রিকেটার ছিলেন না স্কোয়াডে। সে কারণে পাকিস্তান সফরের সেই ফলাফলকে খুব গুরুত্ব দিচ্ছেন না অসি অধিনায়ক মিচেল মার্শ। ‘পাকিস্তান সফরের ফল এখন অতীত। বিশ্বকাপে ভালো খবর এই যে দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় চোট কাটিয়ে ফিরে এসেছেন। তা ছাড়া শ্রীলঙ্কার কন্ডিশনে মানিয়ে নেওয়ার মতো বোলার আমাদের দলে রয়েছে।’ মার্শের ইঙ্গিত লেগস্পিনার অ্যাডাম জাম্পা আর অফস্পিনার ম্যাক্সওয়েলের দিকে।

এ পর্যন্ত টি২০ বিশ্বকাপে একবারই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০২১ সালে সেই শিরোপা জয়ের পর নিজেদের মাটিতে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয়েছিল। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রের আসরে সুপার এইট থেকে বিদায় নিতে হয়েছে। এবারের আসরে মিচেল মার্শের এই দলটিকে সেমিফাইনালে দেখছেন রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। মিচেল মার্শ নিজেও শিরোপা জয়ের লক্ষ্যের কথাই জানিয়েছেন। তার আগে শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। 

গ্রুপ ‘বি’-তে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের বিপক্ষে অসিরা খেলবে কলম্বোতে। ক্যান্ডিতে গিয়ে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা আর ওমানের বিপক্ষে। পেস বোলিংয়ে নতুনত্ব থাকলেও ব্যাটিংয়ে কিন্তু অসিদের শক্তি সেই ট্রাভিস হেডে। এ মুহূর্তে হেড আর মার্শের বিধ্বংসী ওপেনিং জুটি বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা। সেই সঙ্গে দলে একাধিক অলরাউন্ডার থাকাটাও অসিদের অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে রাখবে। ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টাইনিস আর কুপার কনোলির মতো অলরাউন্ডার যে দলে, সেই দল যে কোনো পরিস্থিতিতে সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

advertisement image

Leave Your Comments

Trending News