যুবদল নেতার গরুর খামারে বিদেশি পিস্তল

Date: 2026-02-19
news-banner

ফেনীতে বদরুল আমীন নামের এক যুবদল নেতার গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তলসহ ৪টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডা. সাহাব উদ্দিনের বাড়িসংলগ্ন খামার থেকে এসব উদ্ধার করা হয়।

খামারটির মালিক বদরুল আমীনের সঙ্গে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠতা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে ছিলেন। এ কারণে তিনি অস্ত্রটি বদরুল আমীনের খামারে নিয়ে রাখেন।

সেনাবাহিনীর সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

ফেনী সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ারের ভাষ্য, গরুর খামার থেকে উদ্ধার পিস্তল ও অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছেন। বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

advertisement image

Leave Your Comments

Trending News