ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে। আজ বুধবার সকাল ১১টা থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়।
মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা পরিষদের হলরুম থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালট বাক্স হস্তান্তর করা হয়। সকাল থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের সামগ্রী বুঝে নিচ্ছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার দুটি সংসদীয় আসনের মোট ২১৩টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ পাঠানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সঠিক ও নির্ভুলভাবে সামগ্রী পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
নির্বাচনী সামগ্রী পরিবহন ও বিতরণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং সামগ্রী বহনকারী যানবাহনের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরাসরি দায়িত্বে রয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।