কড়া নিরাপত্তায় ১২৩টি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

Date: 2026-02-19
news-banner

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ভোটগ্রহণের লক্ষ্যে এরই মধ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বুধবার উপজেলার ১২৩টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ আসনের ১২৩টি কেন্দ্রের ৭৭৩টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এর মধ্যে ১১টি অধিক ঝুঁকিপূর্ণসহ মোট ৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন সেনাবাহিনী, দুই প্লাটুন বিজিবি এবং পুলিশের ১০টি মোবাইল টিম।

প্রতিটি সাধারণ কেন্দ্রে একজন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য থাকবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিনজন এবং কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি গোটা উপজেলায় সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন। নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩ জন।

গাইবান্ধা-১ আসনে মোট ৮ জন প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। তারা হলেন–মাজেদুর রহমান (জামায়াত), খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (বিএনপি), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি), মোস্তফা মহসিন সরকার (স্বতন্ত্র), পরমানন্দ দাস (বাসদ), মো. কাওছর আজম হান্নু (আমজনতার দল), ছালমা আক্তার (স্বতন্ত্র), মো. রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

advertisement image

Leave Your Comments

Trending News