টাকাসহ জামায়াত নেতাকে আটকের ঘটনা সাজানো নাটক: এহসানুল মাহবুব

Date: 2026-02-19
news-banner

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ হিসেবে অভিহিত করেছে দলটি। জামায়াত বলছে, এ ঘটনা নির্বাচনের আগে তাদের বিতর্কিত করার অপপ্রয়াস।

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে নাটক সাজিয়েছে। ব্যাংক বন্ধ থাকায় বেলাল উদ্দিন ব্যবসায়িক প্রয়োজনে নগদ টাকা বহন করেছিলেন। এটা স্বাভাবিক বিষয়।

এহসানুল মাহবুব আরও বলেন, বিমানবন্দরের মতো সীমিত এলাকায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে এবং মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দাবি, জামায়াত সব কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনা করে এবং এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা চলছে এবং প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আজ দুপুর ১২টার দিকে নিয়মিত তল্লাশির সময় বেলাল উদ্দিনের লাগেজে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তাই তাকে আটক করা হয়েছে। বিকেল ৫টার দিকে ওসি সমকালকে জানান, বেলাল উদ্দিনের ব্যাগে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

এদিকে আটকের পর এক ভিডিও বার্তায় বেলাল উদ্দিন বলেন, তার কাছে থাকা ৫০ লাখ টাকা গার্মেন্টস ব্যবসার। তিনি নিজেকে ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন।

advertisement image

Leave Your Comments

Trending News