ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট ও ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়। আক্কেলপুর উপজেলা জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের অন্তর্ভূক্ত। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালি, ভোটার তালিকা, সিলমোহরসহ প্রয়োজনীয় সরঞ্জাম দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় গাড়িবহরযোগে সেগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়। আক্কেলপুর উপজেলায় মোট ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ উপজেলায় এক লাখ ২৬ হাজার ৭৯৫ জন ভোটার রয়েছেন। ভোটের সরঞ্জাম গ্রহণ করতে সকাল থেকেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিড় করেন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা। নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে স্বাক্ষরের মাধ্যমে সরঞ্জাম বুঝে নেন তারা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এদিকে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, নির্বাচনের দিন সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more