আইরিশদের গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

Date: 2026-02-19
news-banner

টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্যাটারদের গড়ে দেওয়া মঞ্চে বল হাতে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিলেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিস। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়েছে অজিরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া। শুরুটা হয় ওপেনার জশ ইংলিসের ব্যাটে। মাত্র ১৭ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি।

মাঝের ওভারে ম্যাট রেনশ ৩৩ বলে ৩৭ রান করে ইনিংসের ভিত গড়েন। আর শেষদিকে ফিনিশিংয়ের দায়িত্ব নেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তার ২৯ বলে খেলা ৪৫ রানের (২ চার ও ১ ছক্কা) কার্যকরী ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। মাত্র ২৭ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার গুগলির সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে আইরিশ ব্যাটাররা। তার সঙ্গে যোগ দেন পেসার নাথান এলিস। জর্জ ডকরেল (৪১) ও লরকান টাকার (২৪) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন বোলাররা। নাথান এলিস মাত্র ১২ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। সমান ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পাও, খরচ করেন ২৩ রান। এই দুই বোলারের তোপেই মূলত ধসে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

advertisement image

Leave Your Comments

Trending News