কক্সবাজারে ভোটের দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩,৪৯৯ সদস্য

Date: 2026-02-19
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্প থাকায় জেলাটি স্পর্শকাতর হিসেবে বিবেচিত হওয়ায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান এসব তথ্য জানান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ১৩ হাজার ৪৯৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন ২ হাজার ১৬৬ জন সেনা সদস্য, ৮৮০ জন বিজিবি সদস্য, ৩৯৯ জন নৌবাহিনী সদস্য, ৫০ জন বিমান বাহিনী সদস্য, ১৪৫ জন কোস্টগার্ড সদস্য, ৮০ জন র‍্যাব সদস্য, ১৯০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য ও ১ হাজার ৮১৫ জন পুলিশ সদস্য। এছাড়া ৭ হাজার ৭৭৪ জন আনসার ও ভিডিপি সদস্য ভোটকেন্দ্রে দায়িত্বে থাকবেন। প্রতি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম জানান, ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আজিজ বলেন, কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৩৫৭ জন। জেলায় ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৮৯টি কক্ষে ভোটগ্রহণ হবে। এ কাজে ১২ হাজার ২৫১ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ৪ হাজার ৫০৩ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৭ হাজার ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্বে থাকবেন।

নির্বাচনের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে যাতায়াত সীমিত রাখা হয়েছে। পাশাপাশি সীমান্ত, উপকূল ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

advertisement image

Leave Your Comments

Trending News