মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি, আতঙ্কে রণবীর সিং

Date: 2026-02-19
news-banner

বলিউড তারকা রণবীর সিং এবার বাস্তবেই মুখোমুখি হয়েছেন বড় ধরনের হুমকির। হোয়াটসঅ্যাপে আসা একটি অজ্ঞাত ভয়েস নোটে তাকে হত্যার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে।

বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে। খবর প্রকাশ্যে আসতেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে রণবীর-দীপিকা পাড়ুকোনের বাসভবন। শুধু পুলিশের ওপর নির্ভর না করে নিজেরাও ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন।

সাম্প্রতিক সময়ে কয়েকজন বলিউড তারকা হুমকি পেয়েছেন। রণবীরের ক্ষেত্রেও কোনো বড় চক্র জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে আবাসন কমিটির দাবি, তাদের অনুমতি ছাড়াই এই সশস্ত্র রক্ষীদের রাখা হয়েছে।

পুলিশকে লেখা একটি চিঠিতে কমিটি জানিয়েছে, রণবীরের দেহরক্ষীরা খোলা আগ্নেয়াস্ত্র নিয়ে আবাসনের লবি, জিম এবং শিশুদের খেলার জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এতে অন্যান্য বাসিন্দাদের শান্তি বিঘ্নিত হচ্ছে এবং তারা আতঙ্কিত বোধ করছেন। কোনওরকম অনুমতি না নিয়েই সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন আতঙ্কিত দীপবীর। দম্পতিকে এই রক্ষী মোতায়েনের অনুমতি কে দিল, তা নিয়ে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছে আবাসন কর্তৃপক্ষ।

রণবীরের অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পেতে চলেছে আগামী ১৯শে মার্চ। অন্যদিকে দীপিকাকে এর পর দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে। তবে আপাতত পর্দার অ্যাকশন ছেড়ে বাস্তবের এই নিরাপত্তা বিতর্ক সামলাতেই হিমশিম খাচ্ছেন বলিউডের এই তারকা দম্পতি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

advertisement image

Leave Your Comments

Trending News