দেবিদ্বারে এনসিপি কর্মীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল, যা জানা গেল

Date: 2026-02-19
news-banner

সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকী থাকতেই কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি কর্মীর প্রকাশ্যে নারীদের মাঝে জনপ্রতি ১০০ টাকা বিতরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকায় এনসিপি কর্মী মো. মিশকাত নারীদের ১০০ টাকা করে হাতে তুলে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করা পোস্টে বিতরণের এ টাকা জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর জন্য ভোট কেনার টাকা হিসেবে বলা  হচ্ছে।

তবে এনসিপি স্থানীয় নেতাদের ভাষ্য, একটি উঠান বৈঠকে নারীদের সমাবেশ করে দলটি। পরে নারীদের নাস্তা করতে ১০০ টাকা করে দেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওতে এমন কথা শুনা যায়। 

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্য জানা যায়নি। তবে হাসনাতের অনুসারী কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক নাজমুল হাসান নাহিদ বুধবার রাতে সমকালকে বলেন, কিছু দিন আগে আমাদের নারীদের নিয়ে একটি উঠান বৈঠক ছিল। এতে যারা অংশ নেন তাদের নাস্তার খরচ হিসেবে জনপ্রতি ১০০ টাকা করে দেওয়া হয়। যা বৃহস্পতিবার ভোটের আগের দিন প্রতিপক্ষরা হাসনাতের ভোট কেনার টাকা বলে অপপ্রচার চালাচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল কেউ মন্তব্য করতে রাজি হননি। 

এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। তবে ব্যাংক লোন ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগে প্রার্থীতা বাতিল হয় মুন্সির। পরে বিএনপি থেকে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া হয়। রাত পোহালে এ আসনে ধানের শীষ বিহীন ভোটের মাঠে  জামায়াত জোটের হাসনাত ও বিএনপি জোটের জসিমের এখন লড়াই হতে যাচ্ছে।

advertisement image

Leave Your Comments

Trending News