গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

Date: 2026-02-19
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে গোপালগঞ্জের সাতটি ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রের আশপাশের এসব বিস্ফোরণ ঘটে।

যেসব ভোটকেন্দ্রের আশপাশের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেগুলো হলো- গোপালগঞ্জ শহরের মধ্যপাড়ার বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নিচু পাড়া এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী ১০ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়।

বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। সেনাবাহিনীও স্থানগুলো পরিদর্শন করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানান, পাঁচ থেকে সাতটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ককটেল বিস্ফোরণের খবরে শহরের ব্যবসাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ হয়ে যায়। শহরে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রাত ৯টার মধ্যেই শহরের সড়ক ও অলিগলি ফাঁকা হয়ে যায়। নেমে আসে রাতের নিস্তব্ধতা।

উল্লেখ্য, এর আগে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পৌরসভা-সংলগ্ন বাগানের পাশের রাস্তায় এবং গত জানুয়ারিতে জেলা ও দায়রা জজের কলেজ রোডের বাসভবন, শহরের বেদ গ্রামের আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর, গোবরা এলাকার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও ডিসেম্বর মাসে জেলা স্টেডিয়াম এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল গেটের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

advertisement image

Leave Your Comments

Trending News