ভোট ডাকাতদের গণধোলাই দেব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Date: 2026-02-19
news-banner

ভোট ডাকাতি করতে এলে ইয়াং জেনারেশনরা মিলে ধরে ইচ্ছামতো গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় এই হুঁশিয়ারি দেন তিনি।

‘শাপলা কলি’ প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমরা কিছু কিছু জায়গায় খোঁজ পাচ্ছি; যেমন আজকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র দখল করতে আসছিল। কিছুক্ষণ আগে খোঁজ পেলাম শাহজাহানপুরে কেন্দ্র; সাধারণত কেন্দ্রগুলোর গেট বন্ধ থাকে। কিন্তু সেখানে ২০-৩০ জন লোক, অথচ গেট খোলা। আমরা পুলিশকে জানিয়েছি, অনুরোধ করেছি অ্যাকশন নেওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমরা ইয়াং জেনারেশন আছি, যদি কোনো ভোট ডাকাত নামে, তাহলে আমরা ধরে ইচ্ছামতো গণধোলাই দেব। এ জন্য পুরো বাংলাদেশকে বলবো, সবাই মোবাইল নিয়ে রেডি থাকেন। প্রত্যেকটা মোবাইল যেন একেকটা টেলিভিশন স্টেশনের মতো কাজ করে। যদি কোথাও অনিয়ম হয়, সেগুলো ভিডিও করে আপনারা পুরো বাংলাদেশে ভাইরাল করে দেবেন।’
নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আশা করব, সবাই ভোট দিতে আসবেন। আর আল্লাহর রহমতে শাপলা কলির জয় হবে। অনেকেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন। তবে আনন্দের থেকে বড় একটা দায়িত্ববোধের জায়গা। আমরা সংসদে গেলেও কাজ করব, না গেলেও কাজ করব। এবং আগামীতে মানুষের জয় হবে। ইনশাআল্লাহ।

আগের দিন এক ফেসবুক লাইভে নির্বাচিত হয়ে সংসদে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই এনসিপি নেতা বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের হাড্ডি গুঁড়া করব। আর এ জন্য তো তাদের একটু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে হবে। বিষয়টি সিরিয়াস। যদি কখনো সুযোগ পাই, তাহলে এহসানুল হক মিলনের মতো সারা দেশে অভিযান চালাব। আমরা চাঁদাবাজি বন্ধ করব।
মধ্যরাতে কেন্দ্র পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শান্তিবাগ স্কুল, সিদ্ধেশ্বরী স্কুল, মতিঝিলের কয়েকটা স্কুল ঝুঁকিপূর্ণ। আমরা যেসব ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছি, সেগুলো প্রশাসনকে জানিয়েছি। তবে আমরা আগামীকাল দেখব বাংলাদেশের প্রশাসন লন্ডনে সেজদাহ দিয়েছে, নাকি দেয়নি।

advertisement image

Leave Your Comments

Trending News