ঢাকায় পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

Date: 2026-02-19
news-banner

ঢাকায় পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। গত মঙ্গলবার বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে এ ঋণ অনুমোদন হয়েছে। এ ঋণ সহায়তায় মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে। এর আওতায় স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা উন্নত করার মাধ্যমে পানিদূষণ কমানো এবং ঢাকা ও এর আশপাশের এলাকার নদী ও খাল পুনরুদ্ধারে সহায়তা করা হবে। গতকাল বুধবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রামটির যৌথ ব্যবস্থাপনায় থাকবে স্থানীয় সরকার বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর। প্রাথমিক বাস্তবায়নকারী সংস্থাগুলো হচ্ছে– ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচিতে একটি ফলাফলভিত্তিক পদ্ধতি চালু করা হবে। এর আওতায় ৫ লাখ ৫০ হাজার মানুষ নিরাপদ স্যানিটেশন সেবা পাবে এবং ৫ লাখ মানুষ উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবে। দূষণ ও সেবার ঘাটতিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে।

এতে বলা হয়, ঢাকা তীব্র বর্জ্য পানি ও পানিদূষণ সংকটে রয়েছে। মাত্র ২০ শতাংশ বাসিন্দার পাইপযুক্ত পয়োনিষ্কাশন সংযোগ রয়েছে। অপরিশোধিত বর্জ্য পানি ও পয়োনিষ্কাশনের ৮০ শতাংশের বেশি ঢাকার আন্তঃসংযুক্ত জলপথে চলে হয়। ঢাকার অর্ধেকের বেশি খাল বিলুপ্ত হয়েছে বা বর্জ্যে ভরাট হয়ে গেছে। দূষণ পরিস্থিতিকে যা  আরও জটিল করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি খাত এবং সিটি করপোরেশনগুলোকে সম্পৃক্ত করে একটি সমন্বিত পদ্ধতি গ্রহণ করা হবে।

advertisement image

Leave Your Comments

Trending News