অনুশীলনে অব্যবস্থাপনা, ক্ষুব্ধ হয়ে অনুশীলন বয়কট করলেন সুজন

Date: 2025-12-25
news-banner

বিপিএল শুরুর ঠিক একদিন আগে বড় ধরনের অস্বস্তিতে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে বৃহস্পতিবার অনুশীলন সেশন মাঝপথে বয়কট করেছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ ও সহকারী কোচ তালহা জুবায়ের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে নোয়াখালীর অনুশীলন চলাকালে বল সংকট দেখা দেয়। জানা গেছে, পুরো সেশনের জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে মাত্র তিনটি ক্রিকেট বল সরবরাহ করা হয়।

এ নিয়ে কোচিং স্টাফের সঙ্গে এক কর্মকর্তার বাগবিতণ্ডাও হয়, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে অনুশীলন ছেড়ে চলে যান দুই কোচ।

দলীয় একটি সূত্র জানায়, ‘অনুশীলনের সময় পর্যাপ্ত বল ছিল না। তার ওপর একজন কর্মকর্তা কোচের সঙ্গে খারাপ আচরণ করেন।

এসব কারণেই কোচরা খুব বিরক্ত হয়ে সেশন বয়কট করেন।’

এদিকে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এমন ঘটনায় দলের প্রস্তুতিতে বড় ধাক্কা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও ফ্র্যাঞ্চাইজি নতুন বল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

উল্লেখ্য, চলতি বিপিএল শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে খেলোয়াড় পারিশ্রমিক ও পেশাদার পরিবেশ বজায় রাখা নিয়ে আগের আসরগুলোর অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে। নোয়াখালীর অনুশীলন বয়কটের ঘটনা সেই উদ্বেগ আরো বাড়িয়ে দিল।

advertisement image

Leave Your Comments

Trending News