বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুলের ২০০০ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন

Date: 2025-12-28
news-banner

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ জিলা স্কুলের ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উদযাপন হয়েছে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় গত ২৫ ডিসেম্বর এক আবেগঘন ও স্মরণীয় ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে। দীর্ঘ ২৫ বছরের বন্ধন, স্মৃতি ও ভ্রাতৃত্বকে নতুন করে উজ্জীবিত করতে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টটি উৎসর্গ করা হয় ২০০০ ব্যাচের প্রয়াত ছয়জন প্রিয় বন্ধুর স্মৃতির প্রতি। খেলাধুলার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মনে নস্টালজিয়া ও গভীর আবেগের সঞ্চার করে।

রজত জয়ন্তী উদযাপনের দ্বিতীয় দিন আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে আয়োজনের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের  ঘোষণা দেন ময়মনসিংহ জিলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আব্দুস সালাম, ১৯৭১ ব্যাচের প্রাক্তন ছাত্র জনাব মো. আমজাদ আলীসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উদযাপন কমিটির সভাপতি মো. মাহমুদউল্লাহ রিয়াদ, সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহ বাবু, অর্গানাইজিং সেক্রেটারি সোহাগ আহমদ, ট্রেজারার মো. মঞ্জিল ইয়াদুল পল্লব, রেজিস্ট্রেশন কমিটির সেক্রেটারি মো. বদরুল মোমেন, সিনিয়র সহসভাপতি মো. আরেফিন আাকন্দ চমনসহ কমিটির অন্যান্য সদস ও ২০০০ ব্যাচের সব প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ।

এ সময় ২০০০ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়ের দুজন প্রয়াত প্রিয় শিক্ষক কামাল উদ্দিন ও গোলাম সোবাহানী কোরায়শীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে সম্মাননা জানানো হয় ২০০০ ব্যাচের প্রয়াত ছয়জন বন্ধুকেও, যাদের অবদান ও স্মৃতি চিরদিন ব্যাচের হৃদয়ে অম্লান থাকবে।

অনুষ্ঠানে আরো প্রদান করা হয় আজীবন সম্মাননা, যেখানে ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল অবদান তুলে ধরা হয়। এ সম্মাননায় ভূষিত হন ক্রিকেটে ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র মো. মাহমুদউল্লাহ রিয়াদ, ফুটবলে ১৯৮৬ ব্যাচের মো. মারুফুল হক ফেরদৌস, হকিতে ২০০০ ব্যাচের প্রয়াত মরহুম রাহাত সারোয়ার, সাঁতারে ২০০০ ব্যাচের মো. নুরুল্লাহ্ রিয়াদ।

এ ছাড়া মানবিকতা ও দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিদ্যালয়ের দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ও একজন টিফিন বিক্রেতাকে, যারা দীর্ঘদিন ধরে নীরবে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন।

সারা দিনব্যাপী এই মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্মৃতিচারণা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উদযাপনের ওই দিনের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

অংশগ্রহণকারীদের মতে, এই আয়োজন প্রমাণ করে যে ময়মনসিংহ জিলা স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা এক অটুট বন্ধন ও মূল্যবোধের নাম।

advertisement image

Leave Your Comments

Trending News