অর্থনৈতিক চাপ ও শাসনব্যর্থতা নিয়ে পিপিপি নেতার উদ্বেগ

Date: 2025-12-23
news-banner

পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান বেকারত্ব ও শিক্ষা ব্যয়ের ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা সৈয়দ শুজাত কাজমি। 

তিনি সতর্ক করে বলেন, অর্থনৈতিক চাপ ও শাসনব্যর্থতার কারণে তরুণসমাজে হতাশা বাড়ছে এবং তা এখন প্রকাশ্য আন্দোলনে রূপ নিচ্ছে। কাজমির মতে, পরিস্থিতির দ্রুত সমাধান না হলে যুব অসন্তোষ ও সামাজিক অস্থিরতা আরো তীব্র হবে।

কাজমি জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজের ফি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দরিদ্র পরিবারের জন্য উচ্চশিক্ষা কার্যত অধরা হয়ে উঠেছে।

 

তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে ৭০ থেকে ৮০ হাজার রুপি ফি দিতে হয়, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব। সরকারি কলেজগুলোতেও একই অবস্থা বিরাজ করছে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্থিতি আরো ভয়াবহ।

পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন ঘাটতির বিষয়টি তুলে ধরে কাজমি বলেন, বহু এলাকায় এখনো বিশুদ্ধ পানির সংকট, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও মৌলিক শিক্ষা অবকাঠামোর অভাব রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো বছরের পর বছর ধরে মেরামত না হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।

 
তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য খাত এখন একটি মুনাফাভিত্তিক ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকরা রোগীদের শোষণ করছেন। এ অবস্থায় তিনি পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফয়সাল মুমতাজ রাঠোরকে দ্রুত জনদাবি পূরণ ও আস্থা পুনরুদ্ধারের আহ্বান জানান। নইলে তরুণদের মধ্যে অস্থিরতা আরো বাড়বে বলে সতর্ক করেন।
advertisement image

Leave Your Comments

Trending News