যুক্তরাজ্যে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত গ্রেটা থুনবার্গ

Date: 2025-12-24
news-banner

লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার পর সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারের পর যুক্তরাজ্যের পুলিশ তাকে জামিনে ছেড়ে দেয় বলে জানিয়েছে সিটি অব লন্ডন পুলিশ।

যুক্তরাজ্যভিত্তিক প্রচার সংগঠন প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, ২২ বছর বয়সী গ্রেটা থুনবার্গকে সন্ত্রাসবাদ আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছিল। বিক্ষোভে তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে লেখা ছিল—‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারদের সমর্থন করি।

আমি গণহত্যার বিরোধিতা করি।’ ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে আগামী মার্চ মাস পর্যন্ত জামিনে রাখা হয়েছে। এর আগে পুলিশ জানায়, একটি ভবনে লাল রং নিক্ষেপের ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরে ঘটনাস্থলে আসা এক ২২ বছর বয়সী নারী নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে আটক হন, যাকে পরে গ্রেটা থুনবার্গ হিসেবে শনাক্ত করা হয়।

প্রিজনার্স ফর প্যালেস্টাইন দাবি করেছে, যে ভবনটি লক্ষ্যবস্তু করা হয়েছিল সেটি একটি বিমা কম্পানির ব্যবহৃত অফিস, যারা ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা প্রদান করে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমা কম্পানি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে সাপ্তাহিক জলবায়ু বিক্ষোভ শুরু করার মাধ্যমে গ্রেটা থুনবার্গ আন্তর্জাতিকভাবে পরিচিতি পান।

এর আগে, গত বছর যুক্তরাজ্যে এক বিক্ষোভে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তিনি খালাস পান। সে সময় আদালত রায় দেন, পুলিশ তার ও অন্যান্য বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ক্ষমতা রাখত না।

এ ছাড়া, চলতি বছরের অক্টোবরে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি নৌ-অভিযানে অংশ নেওয়ার পর গ্রেটা থুনবার্গকে আরো ৪৭৮ জনের সঙ্গে আটক করে ইসরায়েল এবং পরে দেশটি থেকে বহিষ্কার করা হয়। ইসরায়েল সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : সিএনএন

advertisement image

Leave Your Comments

Trending News